সারাদেশ

পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় নানী নাতনীর মৃত্যু

অফিস   পঞ্চগড়

১১ জুলাই ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোছা. বেগম (৫৫) ও আয়েশা আক্তার (৫) নামে নানী নাতনীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৬ টায় উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী এলাকায় বেসরকারী এনজিও আরডিআরএস অফিসের সামনে আটোয়ারী-রুহিয়া আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে আহতদের উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহত বেগম উপজেলার রাধাঁনগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী কোনপাড়া এলাকার মৃত দুলাল উদ্দীনের স্ত্রী ও আয়েশা একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রাধানগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ বলেন, বৃহস্পতিবার বিকেলে প্রয়োজনীয় কাজে নাতনীকে নিয়ে ফকিরগঞ্জ বাজারে যান নানী বেগম। কাজ শেষে বাসায় ফেরার জন্য ইজিবাইকে উঠেন তারা। পরে তারা ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী এলাকায় বেসরকারী এনজিও আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে ইজিবাইক থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দাড়িয়ে ছিলেন। এসময় আটোয়ারী-রুহিয়া সড়ক দিয়ে ঠাকুরগাঁও গামী একটি মাইক্রোবাস তাদের সজোরে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। এতে মাথা, মুখ সহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে তাদের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া সড়ক দূর্ঘটনায় নানী নাতনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
 

213