সারাদেশ

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত 

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০২ সেপ্টেম্বর ২০২৪


| ছবি: সংগৃহীত

রংপুর-দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও চার জন। নিহত বৃদ্ধার নাম সন্ধ্যা রানী। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাড়িকাটা গ্রামের তাঁর বাড়ি। সোমবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টায় নিজ বাড়ি থেকে রিকশাভ্যান যোগে দুই নাতনীকে নিয়ে সন্ধ্যা রানী তারাগঞ্জ বাজারে নাতনীদের কেনাকাটার উদ্দেশ্যে বের হন। মহাসড়কের উপজেলা পরিষদের সামনে পৌঁছালে  রিকশাভ্যানটিকে সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরগামী একটি মাইক্রোবাস যাত্রীসহ রিকশাভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সন্ধ্যা রানী। এ সময় শিশু অনুপম রানী, অনু রানী, যাত্রী ময়না রানী (৩৪), রিকশাভ্যান চালক ডালিম রায় গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছে। মাইক্রোবাসটি তারাগঞ্জ চৌপথী এলাকায় রেখে চালক পালিয়ে গেছে। দুমড়ে মুচড়ে যাওয়া রিকশাভ্যান ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে আছে। এবিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

183