বাংলাদেশ

ফের বাড়ছে গাইবান্ধার নদ-নদীর পানি

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

০৮ আগস্ট ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

গত কয়েকদিনের বৃষ্টি আর  উজানের ঢলে গাইবান্ধার প্রধান চার নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। পানি বাড়লেও জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে ভাবে পানি বাড়ছে তাতে জেলায় আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে গাপাউবো। বৃহস্পতিবার গাইবান্ধা পাউবোর নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে ধীর গতিতে নদ-নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় তিস্তার পানি ৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ১৩ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১০ সেন্টিমিটার ও করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার সকাল ৯  টা থেকে বৃহস্পতিবার সকাল  ৯ টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি পায়। জেলায় গত ২৪ ঘন্টায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।   

 

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)

উপ সহকারি প্রকৌশলী রায়হানুল ইসলাম বলেন, উজান থেকে পানি আসছে এবং গতকয়েকদিন থেকে বৃষ্টিতে জেলার সব নদ- নদীর পানি  বাড়তে শুরু করেছে । তিস্তা, করতোয়া, ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের পানি  বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আপাতত এ পানিতে বন্যার আশঙ্কা নেই।  আমরা সার্বক্ষণিক নজর রাখছি। 

 

এদিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। নদীর পানি বাড়ায় তারাপুর, হরিপুর, শ্রীপুর, কাপাসিয়া  ইউনিয়নের নিম্নাঞ্চলে ফের পানি ঢোকার শঙ্কায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। চরের নিম্নাঞ্চলে আবারও পানি বন্দি  হওয়ার শঙ্কা করছে মানুষ। 

 

রংপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে  কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

144