বাংলাদেশ

পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী সজলের লাশ দাফন

অফিস   গাইবান্ধা

০৭ আগস্ট ২০২৪


| ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাজ্জাত হোসেন সজলের লাশ গাইবান্ধার সাঘাটায় দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সাজ্জাত হোসেন সজল ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে ঢাকার বেসরকারি সিটি ইউনিভার্সিটির ছাত্র ছিলো।  বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সাজ্জাত হোসেন সজল এর মা শাহিনা বেগম ।

তিনি জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের এক দফা অসহযোগ আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয় সজল। পরে আগুনে ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে পরিবার। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে সজলের লাশ সনাক্ত করা হয়েছিলো। গত মঙ্গলবার রাতে এ্যাম্বুলেন্সযোগে সজলের মরদেহ গাইবান্ধার সাঘাটা উপজেলায় আনা হয়। বুধবার মুক্তিনগর ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। জানাযা নামাজে সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান প্রধান, মুক্তিনগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি মোঃ শাহ আলম প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সজল ও তার পরিবার ঢাকার আশুলিয়া এলাকায় থাকতেন। তার মা শাহিনা বেগম একটি বেসরকারির ক্লিনিকে চাকরি করেন। সেই আয় থেকেই ছেলের লেখাপড়ার খরচ যোগাতেন। ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। 

174