বাংলাদেশ

কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা গ্রেফতার ২

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

৩১ মার্চ ২০২৪


| ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা লেবু মিয়া (৪৫) নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। নিহত ওই উপজেলার জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা যায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর নামক স্থানে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ৫-৭ জনের একটি দুর্বৃত্ত  দলের কবলে পড়েন লেবু মিয়া, শাহ আলম ও শহিদুল। তারা তিন জনই কলা ব্যবসায়ী। এদের মধ্যে জরিপপুর জঙ্গলমারা গ্রামের লেবু মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় দুর্বৃত্তদের মারপিটে গুরুতর আহত হয় একই গ্রামের দক্ষিণপাড়ার নুরের ছেলে শাহ আলম (৪৫)। অপরদিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শহিদুল ইসলামের বাড়িও একই গ্রামে। ওই রাতেই গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম শাহ বলেন, রবিবার থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এজাহার নামিও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

206